ওমর নেওয়াজ আলী
অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পাঠানোর কথা বলে অর্ধশতাধিক শিক্ষার্থীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ল্যাংগুয়েজ সেন্টার (আইএএলসি)। এ অভিযোগে আইএএলসির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ওমর নেওয়াজ আলীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীদের অভিযোগ, আইএএলসি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়ার আশ্বাস দিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়া হয়। একেকজন শিক্ষার্থীর কাছ থেকে ২৮ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, টাকা নেয়ার পর বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুল ইসলাম ফয়সাল এবং ওমর নেওয়াজ আলী আত্মগোপনে চলে যান। এতে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষাজীবন নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন বলে দাবি করেন তারা।
আরও পড়ুন <<>> শ্রমিকের অধিকারও নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস
ধানমন্ডির ২ নম্বর রোডে অবস্থিত ফরচুন টাওয়ারে ভাড়া নেয়া কার্যালয় থেকে আইএএলসির বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ওমর নেওয়াজ আলীর বিরুদ্ধে ধানমন্ডিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি ঢাকার মোহাম্মদপুরের নিউ কলোনির বাসিন্দা হলেও বিভিন্ন সময় লালমাটিয়া ও বসুন্ধরা এলাকায় অবস্থান করতেন বলে জানা গেছে। তার বাবার নাম এম আকরাম আলী।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে, প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত আইএএলসির চেয়ারম্যান আমিনুল ইসলাম ফয়সালকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































