Apan Desh | আপন দেশ

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৮, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৭, ৩০ মার্চ ২০২৬

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিজিএফআই পরিচালক মো. আফজাল নাছেরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাত অন্য আসামিদের শনাক্ত করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ভোরে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

আরও পড়ুন <<>>আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হামলায় দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান।

ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে বলা হয়েছে, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়