Apan Desh | আপন দেশ

পদোন্নতি পেলেন ৫৯৩ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২০ নভেম্বর ২০২৫

পদোন্নতি পেলেন ৫৯৩ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯৩ চিকিৎসক।

১৭ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এ চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ষষ্ঠ গ্রেডে, অর্থাৎ ৩৫,৫০০-৬৭,০১০ টাকার বেতনক্রমে পদোন্নতি দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) কাজ চালিয়ে যাবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের ২৪ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিভাগ অনুযায়ী পদোন্নতি পাওয়া চিকিৎসক সংখ্যা

অ্যানাটমি: ৭ জন; এন্ডোক্রাইনোলজি: ৩০ জন; কার্ডিওলজি: ১৫৭ জন; ক্লিনিক্যাল প্যাথলজি: ৬ জন; পেডিয়াট্রিকস: ২৭৯ জন; বায়োকেমিস্ট্রি: ৩১ জন; মেডিক্যাল অনকোলজি: ৬ জন; রেডিওলজি অ্যান্ড ইমেজিং: ৬৫ জন এবং ল্যাবরেটরি মেডিসিন: ১২ জন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ক্ষেত্রে প্রযোজ্য সবি বিধিবিধান যথাযথভাবে মানা হবে। এ ছাড়া পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকরা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল বা পদ পরিবর্তন করতে পারবেন না।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়