ছবি : সংগৃহীত
পর্দায় ভারতি সিংয়ের হাস্যোজ্জ্বল উপস্থিতি কোটি মানুষের মন জয় করলেও পর্দার পেছনের গল্পটা ছিল অনেকটা বিষাদময়। বর্তমান সময়ের বডি শেমিং কিংবা শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হয়ে আসছেন একদম ছোটবেলা থেকেই। এমনকি নিজের মায়ের কাছ থেকেও তাকে শুনতে হয়েছে অনাকাঙ্ক্ষিত কথা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি।
ভারতি সিং বলেন, সেই সময় সমাজে শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে কোনো অপরাধই মনে করা হতো না। কেউ কিছুটা স্থূল হলে সরাসরি ‘মোটা’ কিংবা গায়ের রঙ কিছুটা চাপা হলে অবলীলায় ‘কালো’ বলে ডাকা হতো। এসব মন্তব্যে অপর পাশের মানুষের মনে কতটা গভীর ক্ষতের সৃষ্টি হয়, তা নিয়ে ভাবার অবকাশ ছিল না কারও।
তবে পরিণত বয়সে এসে তিনি উপলব্ধি করেন, আপনজনদের কাছ থেকে আসা এমন মন্তব্য একজন মানুষের আত্মবিশ্বাসকে কতটা তলানিতে নামিয়ে আনতে পারে। বিনোদন জগতে পা রাখার পর ভারতি সিং দেখেছেন, স্থূলতাকে পুঁজি করে কৌতুক তৈরি করা বা কাউকে ছোট করে হাসানোর প্রবণতা বেশ পুরোনো।
ক্যারিয়ার শুরুর সেই কষ্টগুলো থেকে শিক্ষা নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নেন ভারতি সিং। তিনি ঠিক করেন, অন্য কাউকে অপমান করে বা কারও শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করে তিনি হাসির রসদ জোগাবেন না।
আরও পড়ুন : বগুড়াকে সিটি করপোরেশন করে গেজেট প্রকাশ
তিনি বলেন, ‘আমার নিজের মাও আমাকে বলতেন আর কত খাবি? এবার খাওয়া থামা, না হলে তো আরও মোটা হয়ে যাবি। ছোটবেলায় নিয়মিত এসব কথা শুনতে শুনতে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































