বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়। একই সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পশু পালন অনুষদের গ্যালারিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। আরও উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার ও প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এ সময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা। দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা। উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































