মো. আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দুই পদেই তার ভারপ্রাপ্ত দায়িত্বের অবসান হলো।
প্রজ্ঞাপনে জানানো হয়, আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পদে প্রজ্ঞাপন জারি করে নিয়োগ দেয়া হয়েছে। তবে অবসরে যাওয়ার পূর্বে তিনি তার নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন বলে শর্ত দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেো প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চেলতি বছরের ২৯ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর প্রশাসনের সদস্য আহসান হাবিবকে নিয়োগ দেয়া হয়। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আহসান হাবীব। এছাড়া বিসিএস পরীক্ষায়ও নিজের ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































