Apan Desh | আপন দেশ

বেনাপোল বন্দর আধুনিকায়নে ২৭৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল বন্দর আধুনিকায়নে ২৭৭ কোটি টাকা

ফাইল ছবি

বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে দুটি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করে। এর উন্নয়নের ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৪৩ লাখ টাকা।

এ প্রকল্পের আওতায় বন্দরে নতুন ভবন, যাত্রী পার্কিং, ইয়ার্ড, শেড, গুদামসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ বৈঠকের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘ইস্টার্ন সাউথ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ বাংলাদেশ প্রথম পর্যায়’ প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে এসব অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রথম প্যাকেজের আওতায় বেনাপোল স্থলবন্দরে বন্দর ভবন নির্মাণ হবে। এছাড়া যাত্রীদের গাড়ি রাখার স্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। এ কাজের মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ১২৭ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯৮৮ টাকা।

আরও পড়ুন <<>> আরেক দফা কমলো স্বর্ণের দাম

দরপত্র প্রক্রিয়ায় কাজটি বাস্তবায়নের জন্য ঢাকার আদাবরের রিং রোডে মনিকো ভবনে অবস্থিত মনিকো লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

দ্বিতীয় প্যাকেজে থাকছে বেনাপোল স্থলবন্দরের ইয়ার্ড, শেড, গুদাম, পণ্য স্থানান্তর শেডসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নির্মাণ। এ প্যাকেজের মূল চুক্তিমূল্য ১৫০ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯৫৭ টাকা।

এ কাজের জন্য ঢাকার বীর উত্তম সি আর দত্ত সড়কের মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। দুটি প্যাকেজের মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৭৭ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৯৪৬ টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়