ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ না ছড়িয়ে ধৈর্য ধরার আহবান জানিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) থেকেই সারাদেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
শুক্রবার (২৭ মার্চ) এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।
সংগঠনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, সাম্প্রতিক সময়ে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি নিতে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি উল্লেখ করেন, তার দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। তাই এ পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকদের সংযত থাকার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন <<>> চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে টানা সরকারি ছুটির কারণে জ্বালানি তেলের সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটে। এর ফলে দেশের কিছু এলাকায় পাম্পগুলোতে সাময়িকভাবে তেল সংকট দেখা দেয়।
তবে সংগঠনটি আশ্বস্ত করে জানিয়েছে, এ পরিস্থিতি সাময়িক এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শনিবার থেকেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































