ছবি : আপন দেশ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।’
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। তিন কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণগুলো হলো, প্রথমত বেশ কিছু তেলের জাহাজ এসেছে, দ্বিতীয়ত সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।’
তিনি বলেন, ‘আমদানি করা কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য যা যা করা দরকার, তাই করব।’
আরও পড়ুন : আজ থেকে জ্বালানি তেল ক্রয়ে বাধ্যবাধকতা থাকছে না
তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘তেলের দাম বাড়বে কি বাড়বে না, এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক কিছু না। তবে আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































