Apan Desh | আপন দেশ

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা,  প্রাণ গেল সহকারী জজের

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪০, ১০ আগস্ট ২০২৬

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা,  প্রাণ গেল সহকারী জজের

ছবি : আপন দেশ

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামালপুরের এক সহকারী জজের। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন একেএম সামিউল হক (২৮)। ভয়াবহ ওই দুর্ঘটনায় গাড়ির ভেতরে ঢুকে পড়া রড তাঁর শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক ইদ্রিস মিয়া।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম সামিউল হক জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইসলামপুর আমলি আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা। তার বাবা সাবেক সচিব একেএম ফজলুল হক। তিনি পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে সোমবার ভোরে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন সহকারী জজ সামিউল হক। তাকে নিয়ে প্রাইভেটকারটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে আসছিল। ভোর ৪টার দিকে লাহেড়ীকান্দা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। প্রচণ্ড ধাক্কায় মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারের সামনের অংশ। এ সময় ট্রাকে থাকা রড গাড়ির ভেতরে ঢুকে সামিউল হকের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। চালক ইদ্রিস মিয়াও গুরুতর আহত হন।

আরও পড়ুন<<>>ঘুমের মধ্যে সাপের ছোবল, সাপসহ হাসপাতালে চৈতী

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী জজ একেএম সামিউল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক ইদ্রিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানার ওসি নাজমুল সাকিব জানান, ছুটি কাটিয়ে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সহকারী জজ সামিউল হক। পথেই এ দুর্ঘটনা ঘটে। আইনি পক্রিয়া শেষে সহকারী জজের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইসলামপুর আমলী আদালতের সহকারী জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

জামালপুর আদালত প্রাঙ্গনে সহকারী জজ সামিউল হকের আকস্মিক মৃত্যুতে বিচারক, আইনজীবি ও আদালতের  কর্মকর্তার-কর্মচারিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়