ছবি : আপন দেশ
মাদকের চালান বহনে একের পর এক নতুন কৌশল ব্যবহার করছে কারবারিরা। এবার কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় নেয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাবের হাতে ধরা পড়েছে এক মাদক কারবারি। পরে হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে উদ্ধার করা হয় ২,৩০০ পিস ইয়াবা।
রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল।
এ সময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের ভাষ্য, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) ও র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খুলনাগামী ‘দোলা পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়।
আরও পড়ুন<<>>পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় যাচ্ছিলেন। তার স্বীকারোক্তির পর বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ইয়াবা থাকার প্রমাণ মেলে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতর থেকে ২ হাজার ৩০০ ইয়াবা বেরিয়ে আসে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে র্যাব।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার রেজাউল হক বলেন, জব্দ করা ইয়াবাসহ আটক মাদক কারবারিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































