Apan Desh | আপন দেশ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৮, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

ছবি : আপন দেশ

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

এর আগে মঙ্গলবারের (২৮ জুলাই) সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে হয়ে ওঠে হবিগঞ্জ শহর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গাড়িবহরে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়