Apan Desh | আপন দেশ

মরদেহ উদ্ধারে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশু তারই ছেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ১৬:২৯, ২৪ জুলাই ২০২৬

মরদেহ উদ্ধারে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশু তারই ছেলে

ছবি: আপন দেশ

কিশোরগঞ্জ শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনা চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে নামা এক পুলিশ সদস্য দেখেন, নিহত শিশুটি তার ঔরসজাত সন্তান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঘটা এ হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল এলাকার ‘আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা থেকে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল।

সেখানে দুর্ঘটনাকবলিত স্থান থেকে নিহত শিশুটির মরদেহ উদ্ধারের জন্য এগিয়ে যান থানায় কর্মরত কনস্টেবল সামসুল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত শিশুটির সুরতহাল করতে গিয়ে থমকে যান তিনি।

স্তব্ধ হয়ে দেখেন, সড়কে নিথর হয়ে পড়ে থাকা শিশুটি তারই নিজের ছেলে। বাবার চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি দেখে সহকর্মীরাও বাকরুদ্ধ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত শিশুটি গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন <<>> ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করার পাশাপাশি ঘাতক চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে কর্তব্যের খাতিরে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধারের মতো এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ কনস্টেবল সামসুল ও তার পরিবারকে সান্ত্বনা জানাতে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়