Apan Desh | আপন দেশ

খুনী হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫০, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০৭, ১৬ জুলাই ২০২৬

খুনী হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

ছবি: আপন দেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনী হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দূর থেকে বাংলাদেশে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে বক্তব্য দেয়া হচ্ছে, তা বিলুপ্তপ্রায় রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি চেষ্টা মাত্র।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সে বিচার কার্যকর করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে তিনি সরকারপ্রধানের সঙ্গে বিষয়টি তুলে ধরবেন এবং দ্রুততম সময়ে বিচার কার্যকরের জন্য কাজ করবেন।

ইশরাক বলেন, তিনি নিজে জুলাইয়ের স্বপক্ষের একজন ব্যক্তি, একজন রাজনৈতিক কর্মী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে চান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল এবং যারা মাঠপর্যায়ে সেই নির্দেশ পালন করেছে, তাদের সবার বিচার হোক। একইসঙ্গে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারও চান তিনি।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

তিনি বলেন, শুধু কাগজে-কলমে বিচার হলেই হবে না, সে বিচার কার্যকরও করতে হবে। সে কার্যকর করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং জনগণের দাবির প্রতিফলন হিসেবেই এটি বাস্তবায়ন করতে চান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন এবং যাদের ভাইদের হত্যা করা হয়েছে, তাদের দৃষ্টিতে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যদি কোনোদিন বাংলাদেশের মাটিতে ফিরে আসে, তবে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই জনগণকে সঙ্গে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয়, সবকিছু করা হবে।

ইশরাক হোসেন বলেন, এ আন্দোলনে অংশ নেয়া কোটি কোটি, লক্ষ লক্ষ যুবক এখনও জীবিত রয়েছেন। তার মতে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে যে ধরনের বক্তব্য দেয়া হচ্ছে, তা কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস। সেটিকে কোনোভাবেই সফল হতে দেয়া হবে না।

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ওয়াসিম আকরামের বাবা, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে ওয়াসিম আকরামের কবর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়