ফাইল ছবি
জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সদর ও মেলান্দহ পৃথক দুই উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার গৃহবধূ মর্জিনা বেগম (২২)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
এসময় পাশের বাড়ির শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এসময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
একই সময় বৃষ্টির মধ্যে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন পাশের বাড়ির বাসিন্দা হারুনের স্ত্রী শেফালী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
অপরদিকে, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে বজ্রপাতে হাসমত আলী হাসু (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের হাবিব মন্ডলের ছেলে।
আরও পড়ুন <<>> রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এলাকাবাসী জানান, হঠাৎ ঝড় শুরু হলে হাসু মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হন।
এসময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন- আনোয়ার (৩৪), শাওন (২৫), সেফালী (২৭) ও সুখি (১৪)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনোয়ারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































