ছবি : আপন দেশ
কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে ২০২৫ সালে সংরক্ষিত আলুর বস্তাপ্রতি কমিশন এবং ২০২৬ সালের জন্য বস্তাপ্রতি ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতি-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কাঁঠালবাড়ী ইউনিয়ন-এর মূল বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগার-এর সামনে প্রতিবাদ সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বছর আলু ব্যবসায়ীরা বড় অঙ্কের লোকসান গুনলেও হিমাগার মালিকরা বস্তাপ্রতি কমিশন প্রদান বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে হিমাগার কর্তৃপক্ষ লাভবান হচ্ছেন বলে দাবি করেন তারা।
আরও পড়ুন<<>>ঋণ মওকুফের সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক: ডা. জাহিদ
বক্তারা ২০২৫ সালের বস্তাপ্রতি কমিশন পরিশোধ এবং ২০২৬ সালে আলু সংরক্ষণের ভাড়া পূর্বের ন্যায় সাড়ে ৩৫০ টাকা নির্ধারণের দাবি জানান।
স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক শাহ আলম মোস্তফা বলেন, আলুচাষীদের মূলধন নেই, চালান নেই। তারা নি:স্ব হয়ে পড়েছেন। অথচ হিমাগার মালিকদের কোনো লোকসান হয়নি। তাই আমাদের কমিশন ও বস্তার ভাড়া বৃদ্ধি করা যাবে না।
স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারীও একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আলুচাষী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দ্রুত সমাধান না এলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































