ফাইল ছবি, আপন দেশ
রাতে রাস্তায় ঘোরাফেরা দেখলেই কিশোরদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষান্ত্রীর এমন বক্তব্যের পর চাঁদপুরে ১২ কিশোরসহ ২১ জনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, লেকের পাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসব স্থান থেকে ২১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনের বয়স ১৪–১৭ বছর। অন্যদের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছর, দুজনের ১৯ ও একজনের ২৩ বছর।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে রোববার সন্ধ্যার পর শহরে অভিযান চালানো হয়। ২১ জনকে আটক করে থানায় আনা হয়েছিল। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পুলিশ সুপার রবিউল হাসান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী আ ন ম এছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচানী এলাকায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সন্ধ্যার পর অযাচিতভাবে কোনো কিশোর রাস্তায় ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করতে। এ জন্য তাদের থানায় নিয়ে এসে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় কিশোরদের বিষয়ে বিশেষ নজর রাখতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিষয়ে একদম জিরো টলারেন্স হতে হবে। রাতে রাস্তায় ঘোরাফেরা দেখলেই কিশোরদের যেন জিজ্ঞাসাবাদ করা হয়, কী কারণে ঘোরাফেরা করছে তারা। রাতের বেলা অযাচিতভাবে কিশোরেরা ঘোরাফেরা করে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারারাত কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, কেন ঘুরছে, জিজ্ঞেস করলে তারা মব অ্যাটাক করে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































