মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে ব্যাংকটি জানিয়েছে, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এমটিবির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু
আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা প্রায় ৭ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ২৯ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা প্রায় ৪১ শতাংশ।
২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সায়।
আপন দেশ/মিম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































