Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ১৮ আগস্ট ২০২৬

শেয়ার বাজারে মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ

ছবি : আপন দেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। 

সংশোধিত মার্জিন বিধিমালায় গ্রাহকের ইক্যুয়িটি ও মার্জিন অর্থায়ন অনুপাত ১:১ করা হয়েছে। কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে মার্জিন অর্থায়ন করতে পারবে না।

সোমাবার (১৭ আগস্ট) প্রকাশিত সংশোধিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ গেজেটে এ সব বিষয় উঠে এসেছে।

মার্জিন কল ও শেয়ার বিক্রির নিয়মে পরিবর্তন এসেছে সংশোধিত মার্জিন বিধিমালায়। নতুন বিধিমালায় বিনিয়োগকারীদের জন্য মার্জিন কল ও শেয়ার বিক্রির ক্ষেত্রে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়েছে। 

পোর্টফোলিওর ইকুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠানকে বিনিয়োগকারীকে মার্জিন কল বা আগাম নোটিশ দিতে হবে।

তবে ইকুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে আগাম নোটিশ ছাড়াই ঋণদাতা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করতে পারবে। এ বিষয়ে লিখিতভাবে অথবা গ্রাহকের ই-মেইল ও নিবন্ধিত মোবাইল নম্বরে বার্তার মাধ্যমে জানাতে হবে। প্রয়োজন হলে ফোন কলের মাধ্যমেও গ্রাহককে অবহিত করা যাবে।

কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে মার্জিন অর্থায়ন করতে পারবে না। মার্জিনের অযোগ্য কোনো সিকিউরিটি নিজের নগদ অর্থে কেনা হলেও সেটির মূল্যকে পরবর্তী সময়ে মার্জিন ঋণের জন্য ইকুইটি হিসেবে গণনা করা যাবে না।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মার্জিন চুক্তির মেয়াদ হবে এক বছর। যদি কোনো পক্ষ চুক্তি বাতিল না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তবে মার্জিন অর্থায়নকারী বা গ্রাহক মার্জিন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ১৫ দিন আগে লিখিত নোটিশ প্রদান করে চুক্তি বাতিল করতে পারবে। 

মার্জিন ঋণ মিলবে না সেসব শেয়ারে

সংশোধিত মার্জিন বিধিমালা অনুযায়ী, ‘জেড’, ‘এন’ ও ‘জি’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে এসএমই বোর্ড, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ও ওভার দ্য কাউন্টার (ওটিসি) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজও মার্জিন ঋণ সুবিধা পাবে না।

শুধু স্টক এক্সচেঞ্জের মূল বাজারে তালিকাভুক্ত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির যোগ্য শেয়ারে মার্জিন সুবিধা পাওয়া যাবে।

জীবন বিমা কোম্পানি ছাড়া অন্যান্য খাতের কোনো শেয়ারের পিই ৪০-এর বেশি হলে ওই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। একইভাবে কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক হলেও সেই শেয়ার মার্জিন সুবিধার অযোগ্য হবে। পিই নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ ট্রেডিং দিনের সমাপনী মূল্যকে সর্বশেষ চার প্রান্তিকের ইপিএসের যোগফল দিয়ে ভাগ করে ট্রেইলিং পিই হিসাব করা হবে।

জীবন বিমা কোম্পানির ক্ষেত্রে পিইর পরিবর্তে পিবি অনুপাত বিবেচনা করা হবে। কোনো কোম্পানির পিবি ৩-এর বেশি হলে ওই শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি কোনো জীবন বিমা কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক হলেও শেয়ারটি মার্জিন সুবিধার বাইরে থাকবে। এ ক্ষেত্রে সর্বশেষ ট্রেডিং দিনের সমাপনী মূল্যকে সর্বশেষ নিরীক্ষিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দিয়ে ভাগ করে পিবি নির্ধারণ করা হবে।

একক শেয়ারে অর্থায়নের সীমা সম্পর্কে সংশোধিত বিধিমালা বলা হয়েছে, মার্জিন অর্থায়নকারীদের ঝুঁকি কমাতে কোনো একক সিকিউরিটিতে অর্থায়নের সীমাও নির্ধারণ করা হয়েছে। কোনো মার্জিন অর্থায়নকারী তার মোট বকেয়া মার্জিন অর্থায়নের ২০ শতাংশের বেশি কোনো একটি সিকিউরিটিতে বিনিয়োগ বা অর্থায়ন করতে পারবে না।

এ ছাড়া মার্জিন চুক্তির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। কোনো পক্ষ চুক্তি বাতিল না করলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। মার্জিনে নেয়া অর্থ শুধু মার্জিনযোগ্য সিকিউরিটি কেনার কাজে ব্যবহার করা যাবে।

তবে চুক্তিতে নির্ধারিত গ্রাহকের ইকুইটি ও মার্জিন অর্থায়নের ন্যূনতম অনুপাত বজায় থাকলে গ্রাহক তার মার্জিন হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

আরও পড়ুন : বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তার জীবন বৃত্তান্ত পাঠানোর আহবান

নতুন বিধিমালায় একটি বিষয়ও স্পষ্ট করা হয়েছে, কোনো শেয়ার মার্জিনযোগ্য না হলেও বিনিয়োগকারী নিজের নগদ অর্থে সেটি কিনতে পারবেন। তবে পরবর্তী সময়ে ওই শেয়ারের মূল্যকে ইকুইটি হিসেবে দেখিয়ে অতিরিক্ত মার্জিন ঋণ নেয়া যাবে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়