ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মেজাজ হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
শনিবার (০২ মে) সিলেটে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এ ঘটনা ঘটে। বাংলাদেশের ইনিংসে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান জ্যোতি। মাঠ ছাড়ার আগে ক্ষোভে নিজের ব্যাটটি জোরে মাটিতে ছুঁড়ে মারেন।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ব্যাট, প্যাড বা মাঠের সরঞ্জামের অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। জ্যোতির এ আচরণ লেভেল-১ ভঙ্গ হিসেবে গণ্য হয়েছে।
আরও পড়ুন <<>> সাবেক ক্রিকেটারদের নিয়ে কী ভাবছেন তামিম
আইসিসি জানিয়েছে, অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন জ্যোতি। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট দিয়েই তাকে সতর্ক করা হয়েছে। লেভেল-১ অপরাধে সাধারণত তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ দুটি ডিমেরিট পয়েন্ট দেয়ার বিধান রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































