ফাইল ছবি
সাবেক ক্রিকেটারদের সম্মান জানাতে স্টেডিয়ামে তাদের নামে গ্যালারি বা স্ট্যান্ড করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তবে এ ক্ষেত্রে খুব সতর্ক থাকার কথাও বলেন তিনি, যাতে কারও অবদান উপেক্ষিত না হয় বা কেউ বঞ্চিত বোধ না করেন।
সোমবার (০৪ মে) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক ক্রিকেটারদের নামে স্টেডিয়ামের অংশের নামকরণ হওয়া উচিত। তবে কাকে কোনভাবে সম্মান জানানো হবে, তা নির্ধারণে একটি সুপরিকল্পিত নীতিমালা প্রয়োজন। কারণ একজনের নাম দিলে অন্যজন বঞ্চিত বোধ করতে পারেন, এ ধরনের বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কাও থাকে।
তামিম বলেন, বিষয়টি নিয়ে এখনো পরিকল্পনা চলছে। কোন ভিত্তিতে নাম নির্বাচন করা হবে, সেটিও ঠিক করতে হবে। শুধু নিজের এলাকার খেলোয়াড়দের নয়, জাতীয় পর্যায়ে অবদান রাখা ক্রিকেটারদের পাশাপাশি সংগঠকদেরও সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন <<>> ওয়াসিম আকরামের প্রশংসায় ভাসছে নাহিদ রানা
তিনি বলেন, কোনো ক্রিকেটারের পরিসংখ্যান বা গড় দিয়ে তার অবদান বিচার করা ঠিক নয়। যার ব্যাটিং গড় কম হলেও, তার অবদান সময়ের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাই পরিসংখ্যানের বাইরে গিয়ে তাদের সম্মান জানানো উচিত।
তিনি আরও বলেন, এ পরিকল্পনা বর্তমান কমিটির মেয়াদেই শেষ করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়। তবে ভবিষ্যতে নির্বাচিত হলে তিনি এটি বাস্তবায়নের চেষ্টা করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































