ছবি: সংগৃহীত
প্রীতি ম্যাচ খেলতে ঈদের দিনই ভিয়েতনামে পৌঁছে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজধানী হ্যানয় বিমানবন্দরে নেমে ২১ মার্চ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাল ভূঁইয়া ও শমিত শোমরা। তবে সেদিন দলের সঙ্গে যেতে পারেননি মিডফিল্ডার হামজা চৌধুরী।
মঙ্গলবার (২৪ মার্চ) অবশেষে নির্ধারিত সময়েই ভিয়েতনামে পৌঁছেছেন তিনি। তার পৌঁছানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২০ মার্চ ২৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। সে দলে জামাল, শমিত ও শেখ মোরসালিনদের সঙ্গে হামজার নামও ছিল। পরিকল্পনা অনুযায়ী ২১ মার্চ তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল।
তবে নির্ধারিত দিনে যোগ না দেয়ার কারণ ব্যাখ্যা করেন দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, হামজার যোগদানের তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। শুরুতে ২১ মার্চ বলা হলেও পরে ঠিক করা হয় ২২ মার্চ তিনি দলে যোগ দেবেন। এছাড়া তার একটি ক্লাব ম্যাচ থাকায় প্রথমে নিজ দলের সঙ্গেই থাকার কথা ছিল।
আরও পড়ুন <<>>লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর
আগামী ২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দলটি। দুটি ম্যাচই অ্যাওয়ে ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব-এর অন্তর্ভুক্ত। বর্তমানে ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট যথাক্রমে ৮, ৫ ও ২। প্রতিটি দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































