Apan Desh | আপন দেশ

রঙিন খাবারেই লুকিয়ে স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৪, ১৯ অক্টোবর ২০২৬

রঙিন খাবারেই লুকিয়ে স্বাস্থ্যঝুঁকি

ছবি: আপন দেশ

খাবারকে আকর্ষণীয় রঙে সাজাতে মেশানো হচ্ছে নিষিদ্ধ টেক্সটাইল রং ও ক্ষতিকর হাইড্রোজ। চোখধাঁধানো এসব খাবারই হয়ে উঠছে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি, বাড়ছে নানা জটিল রোগের শঙ্কা।

জিলাপি, মিষ্টি, বেকারি পণ্য, চানাচুর ও আইসক্রিমসহ বিভিন্ন খাবার আকর্ষণীয় করতে অসাধু ব্যবসায়ীদের একাংশ এসব রাসায়নিক ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। 

খাদ্যে ভেজাল রোধে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অনিয়ম শনাক্ত করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

কাপড়ে ব্যবহারের জন্য তৈরি রঙে ক্ষতিকর রাসায়নিক ও সিসা, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু থাকতে পারে। এসব উপাদান শরীরে প্রবেশ করলে লিভার ও কিডনির ক্ষতিসহ নানা স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। কিছু রাসায়নিক দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

আরও পড়ুন <> পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

অন্যদিকে, হাইড্রোজ বা সোডিয়াম হাইড্রোসালফাইট একটি ব্লিচিং এজেন্ট, যা শিল্পকারখানায় ব্যবহৃত হয়। খাদ্যে অনুপযুক্তভাবে এটি ব্যবহার করলে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। রাসায়নিকটির মাত্রা ও সংস্পর্শের ধরন অনুযায়ী শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

খাদ্যে ভেজাল ও নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার বন্ধে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি আইন অনুযায়ী অন্যান্য ব্যবস্থাও নেয়া হচ্ছে।

আরও পড়ুন <> দুদকের কয় বছরে হাইকোর্টের তিন মাস?

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি ভোক্তাদের অতিরিক্ত উজ্জ্বল রঙের খাবার কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। 

খাদ্যে ভেজাল বা নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহবানও জানানো হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়