ছবি: আপন দেশ
ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
আরও পড়ুন<<>>প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনার হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, এডিস মশা কোথায় বংশবিস্তার করে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বোতল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের কাপ, ছাদে জমে থাকা পানি, নির্মাণাধীন ভবন এবং ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের নিচে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও পানি জমতে দেয়া যাবে না। নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গু সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে। তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও অন্যান্য পাত্রে পানি জমতে দেয়া যাবে না। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































