ছবি : আপন দেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)।
এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে শপথ গ্রহণ করবেন তিনি। এ ছাড়া আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফিংয়ের পর বাংলাদেশ সময় রাত ৯টায় সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শপথ নেবেন এবং রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।
নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































