Apan Desh | আপন দেশ

তনু হত্যায় সাবেক সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০০, ৮ আগস্ট ২০২৬

তনু হত্যায় সাবেক সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার

ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (০৮ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানিয়েছে, হাফিজুর রহমান আদালতের আদেশ প্রতিপালন না করায় একই আদেশে তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় তাকে ফের ধরা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় বলা হয়েছে।

গত ০২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেছিলেন। এরপর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

তারপরই রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগে গেলে বৃহস্পতিবার (০৬ আগস্ট) আদালত আসামির জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে তাকে গ্রেফতারের আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেয়া হয়।

শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যায় সে নির্ধারিত সময় পেরোলেও আসামি হাফিজুর আত্মসমর্পণ করেননি। এর কয়েক ঘণ্টা বাদে তাকে গ্রেফতার করল পিবিআই।

আরও পড়ুন<<>>‘তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’

দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জের বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।

পরদিন তাকে কুমিল্লা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি সাতদিনের রিমান্ড আবেদন করে। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement