ছবি : সংগৃহীত
ভারতের ভিসা ও অন্যান্য কনসুলার সেবার নামে প্রতারণা করছে একটা চক্র। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
সেখানকার কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছে প্রতারকচক্র।
বুধবার (০৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ভারতী হাইকমিশন জানায়, প্রতারকরা কর্মকর্তা পরিচয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা বা কনসুলার সেবা সহজ করে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে।
হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়। এ ধরনের কোনো কল বা বার্তা পেলে অর্থ প্রদান বা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি প্রতারকের ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বিষয়টি দ্রুত হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন : জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
অভিযোগ জানাতে [email protected] ই-মেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































