Apan Desh | আপন দেশ

মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৪, ২ আগস্ট ২০২৬

মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে মঙ্গলবার (০৪) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। 

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও সশস্ত্র বাহিনী বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এ সফর বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র ৩ দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ এ কর্মকর্তা সফরে আসছেন।

এতে সফরটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগে ক্রমবর্ধমান গতি স্পষ্ট হয়েছে।
 
অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা। দীর্ঘ প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান পরিচালনা থেকে শুরু করে বিমানবাহী রণতরীর নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর একটি পরিবারে বেড়ে ওঠা কোহলার ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো, বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

একই বিশ্ববিদ্যালয়ের নেভাল রিজার্ভ অফিসার ট্রেনিং কোর (এনআরওটিসি) কর্মসূচির মাধ্যমে তিনি কমিশন লাভ করেন। পরে নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি জয়েন্ট স্টাফ কলেজ ও নেভি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামে স্নাতক করেন।

আরও পড়ুন : শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এফ-১৪ টমক্যাট ও এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন। এ ছাড়া বিমানবাহী রণতরীতে ৬০০টির বেশি সফল অবতরণের অভিজ্ঞতা রয়েছে তার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়