Apan Desh | আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৯, ২০ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যুগপৎ আন্দোলনে অংশ নেয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পূর্বনির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে দলগুলোর সঙ্গে আমাদের এখনো কোনো আলাপ হয়নি।

আপনারা জানেন, আমাদের যে আইন হয়েছে, সে আইনে দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।

আইনি বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, সুতরাং আমার মনে হয়, সে বিষয়টি আমরা এখন আলোচনা না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন <<>> প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত-সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে ব্রিফিংয়ে মির্জা ফখরুল চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের সাফল্য এবং রাষ্ট্র সংস্কারে ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

নৈশভোজে অংশ নেয়া মিত্র দলগুলোর প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের অবদান দেশ ও জাতি চিরকাল স্মরণ করবে।

আগামী দিনেও সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement