Apan Desh | আপন দেশ

পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:২০, ১৯ জুলাই ২০২৬

পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশের সাধারণ ও ই-পাসপোর্টের নকশায় বড় পরিবর্তন আনছে সরকার। পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’বহাল রেখে পরিবর্তন হচ্ছে নকশায়।

নতুন নকশার পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) ও মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি জলছাপ হিসেবে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা অনুষঙ্গও নতুন পাসপোর্টে স্থান পাচ্ছে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

আরও পড়ুন<<>>জুলাইয়ের ১৮ দিনে প্রবাসী আয় ২২ হাজার কোটি টাকা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংযোজন করা হবে। বিশেষ করে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক হিসেবে তিন শহীদের ছবি জলছাপ আকারে থাকবে।

সরকারের অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার জলছাপও যুক্ত করা হচ্ছে।

এছাড়া দেশের প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির দৃশ্য ব্যবহার করা হবে।

জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ এ ঘোষণা বহাল থাকবে।

নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়