ছবি : সংগৃহীত
কোরবানির ঈদ মানেই আনন্দ, ব্যস্ততা আর নানা প্রস্তুতি। অনেকের কাছেই গরুর ভুঁড়ি খুব প্রিয় খাবার। তবে এটি পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য কাজ। সঠিকভাবে পরিষ্কার না করলে দুর্গন্ধ ও জীবাণুর ঝুঁকি থেকে যায়। তাই ভুঁড়ি পরিষ্কারে কিছু ধাপ অনুসরণ করা জরুরি।
ভুঁড়ি পরিষ্কার করতে যা লাগবে
১। চুন
২। হলুদ গুঁড়া
৩। ধারালো ছুরি
৪। বড় গামলা বা বালতি
৫। বড় হাঁড়ি
পরিষ্কারের ধাপ
১। প্রথমে ভুঁড়ি কেটে ভেতরের ময়লা পুরোপুরি বের করে নিতে হবে।
২। এরপর গরম পানি দিয়ে ভেতরের অংশ ভালোভাবে ধুয়ে নিতে হবে।
৩। ভুঁড়ি বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।
৪। একটি বালতিতে চুন মিশ্রিত পানিতে ভুঁড়ির টুকরোগুলো ৪০ থেকে ৪৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। সব টুকরো যেন পানির নিচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। এরপর টুকরোগুলো তুলে ছুরি বা চামচ দিয়ে চেঁছে কালো অংশ পরিষ্কার করতে হবে। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ চুনের পানিতে ভিজিয়ে রাখা যেতে পারে।
৬। একটি হাঁড়িতে পানি ফুটিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে ভুঁড়িগুলো ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করতে হবে। এতে দুর্গন্ধ কমে যায়।
৭। গরম অবস্থাতেই আবার চেঁছে নিতে হবে। এতে অতিরিক্ত চর্বি ও পাতলা আবরণ সহজে উঠে যাবে।
৮। সবশেষে ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। সঠিকভাবে রাখলে কয়েক মাস পর্যন্ত ভালো থাকে।
আরও পড়ুন <<>> ঈদের ছুটিতে শিশুদের নিয়ে যেখানে ঘুরতে যাবেন
ভুঁড়ির পুষ্টিগুণ : ভুঁড়িতে জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তবে এতে কোলেস্টেরল ও চর্বির পরিমাণও বেশি থাকে। তাই হৃদরোগী ও উচ্চ কোলেস্টেরল সমস্যায় ভোগা ব্যক্তিদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
সঠিক নিয়মে পরিষ্কার করলে ভুঁড়ি যেমন নিরাপদ হয়, তেমনি রান্নাতেও স্বাদ বাড়ে।
আপন দেশ/এসএস




































