Apan Desh | আপন দেশ

গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ২৯ মার্চ ২০২৬

গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

ফাইল ছবি, আপন দেশ

ভাড়া, সড়কে বেপরোয়া গতি, যানজট নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধে সকল ধরনের পরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
মূলত দেশে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি নিয়ে সরকারের কার্যক্রম জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। 

সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সড়ক মন্ত্রী শেখ রবিউল বলেন, জিপিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে।

তিনি বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না- নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে, টিকিট ছাড়াই যাত্রীদের তুলে তাদের ইচ্ছামতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে সকল বাস বা কমার্শিয়াল পরিবহন- এগুলোতে জিপিএস ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

জিপিএস ইন্সটল (বসানো) করলে জিপিএসের মাধ্যমে যারা ওভার স্পীড করবে, ৮০ কিলোমিটার বা ৬০ কিলোমিটার লিমিটের বাইরে যারা যারা যাবে, তাদের প্রত্যেকের রেকর্ড আমাদের কাছে আসবে। সে অনুযায়ী তার জরিমানা চলে যাবে।

তিনি বলেন, যারা রুট মেনে গাড়ি চালাবে না, অর্ধেক পথ থেকে ফিরে যাবে। জিপিএস-এর মাধ্যমে জিও-ফেন্সিং সহ রুট যে এলাকায় যাওয়ার কথা, সে এলাকার বাইরে গেলে বা রুট যদি ভায়োলেট করে, সেটা দিয়েও মামলা হবে। 

আরও পড়ুন<<>>ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার

মো. সরওয়ার বলেন, জিপিএস-এর মাধ্যমে দেখা যাবে আনফিট বাসগুলো রাস্তায় নেমেছে কিনা। ওইটা আমাদের কাছে রেকর্ড আছে কারা কারা ফিটনেস নবায়ন করে নাই। কিন্তু সে রাস্তায় নামলে, আমরা তাকে জরিমানা করতে পারব। রাস্তায় নামালে ওই ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।

তিনি বলেন, জিপিএসের যে কন্ট্রোল রেগুলেশন সফটওয়্যার, এভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং এ ডিজিটাল সিস্টেমে অলরেডি আমরা ডিএমপি এবং হাইওয়ে পুলিশ সিসি ক্যামেরা রেকর্ড দ্বারা, স্পিড ক্যামেরা রেকর্ড দিয়ে কিন্তু ডিজিটাল সিস্টেমে মামলা চলমান আছে। অতএব, আস্তে আস্তে এটা শৃঙ্খলায় আসবে।

জিপিএস কি শুধু হাইওয়ের গাড়িতে বসবে- জানতে চাইলে ডিএমপি অতিরিক্ত কমিশনার বলেন, জিপিএস সকল গাড়ির জন্য। ধরেন একটা গাড়ি ঢাকার ভিতরে ঢোকার কথা না, সে গাবতলী পর্যন্ত থাকবে, এখন সে চলে আসলো এখানে কলাবাগান পর্যন্ত বা এদিকে আরামবাগ পর্যন্ত। ওই গাড়ির বিরুদ্ধে মামলা হবে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement