ছবি : আপন দেশ
ঈদযাত্রার শেষ দিন শুক্রবার (২০ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো হাজারো মানুষের ঢল নেমেছে। তবে ভিন্ন চিত্র রেল ও সড়কপথে। নেই উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষের স্বপ্নযাত্রার বাহন হয়ে সদরঘাট থেকে ছাড়তে থাকে একের পর এক লঞ্চ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পল্টুনে বাড়তে থাকে যাত্রী চাপও। নির্ধারিত সময়ে নয়, পর্যাপ্ত যাত্রী হলেই ভোলা, ইলিশা, চাঁদপুরসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।
যাত্রীরা জানান, ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগ মুহূর্তে এ যাত্রা। তবে সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ ছিল সবার চোখে মুখে।
এদিকে, ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে। প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলেও নেই গত দুই দিনের মতো উপচেপড়া ভিড়। অনেকটা স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেলের ভ্রমনকরা যাত্রীরা।
আরও পড়ুন : সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
অবশ্য সড়কপথে যাত্রী চাপ আরও কম। সকাল থেকে গাবতলী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা রয়েছে। যাত্রীরা বলছেন, খুব সহজেই মিলছে বাসের টিকেটও।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































