Apan Desh | আপন দেশ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আবারো আহ্বান যুক্তরাষ্ট্রের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ৫ ডিসেম্বর ২০২৩

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আবারো আহ্বান যুক্তরাষ্ট্রের

আবারো বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ ডিসেম্বর) রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। 

তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে বিরোধী দলের কমপক্ষে ২০ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে, ছয় দিনে নিরাপত্তা হেফাজতে তিনজন নেতার মৃত্যুতে এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, টার্গেট করা ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে, বিজয় নিশ্চিত করতে সরকার নবগঠিত ‘কিংস পার্টি’কে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে। বাংলাদেশে এমন পরিস্থিতিতে কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে যুক্তরাষ্ট্র সরকার মূল্যায়ন করে?

এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফল নিয়ে কোনো পূর্বাভাস দিতে যাচ্ছি না। আগেও অনেকবার যেমনটি আমি বলেছি এখনো তাই বলবো। তা হলো, বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার জন্য সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ চালিয়ে যাবো আমরা। 

তিনি আরও বলেন, আগেও বলেছি এবং এখন বলছি আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া। 

আরও পড়ুন <> আ. লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে একজন শিখ নেতাকে টার্গেট করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করে রিপোর্ট প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এ প্রসঙ্গে ম্যাথিউ মিলারের কাছে জানতে চান মুশফিক। ওই শিখ নেতাকে হত্যা পরিকল্পনা ভণ্ডুল করে দেয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এ বিষয়ে বিশ্বের যেকোনো স্থানে অথবা অন্য কোথাও এমনটি হলে তা যুক্তরাষ্ট্র বন্ধ করবে কিনা এবং ওই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান মুশফিক।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বহুজাতিক নিপীড়নের বিরোধী। তা সেটি যেখানেই বা যে-ই ঘটাক না কেন। সুনির্দিষ্টভাবে ভারতকে লক্ষ্য করে এ মন্তব্য নয়। এটি বিশ্বের যেকোনো দেশের জন্য। দ্বিতীয়ত এ বিষয়টি যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারীরা দেখছে। এই মঞ্চে দাঁড়িয়ে এটি নিয়ে কথা বলবো না। তবে আমি বলবো যখন এই অভিযোগটি আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরিষ্কার করেছি আমাদের সরকারের সবচেয়ে সিনিয়র পর্যায়ে, ভারত সরকারের সিনিয়র পর্যায়ে যে- এমন ঘটনাকে আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত রিপোর্টের অপেক্ষায় থাকবো আমরা।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়