ছবি: আপন দেশ
তবুও তোমায় দেখব বলে
বহুদিন পর তোমায় দেখব বলে
প্রভাতের সূর্যকে মেঘের আড়ালে লুকিয়ে রেখেছিলাম
ঝাঁকে ঝাঁকে পাখিদের কলরবে তোমার নামের প্রতিধ্বনি উড়িয়েছিলাম।
বহুদিন পর তোমায় দেখবো বলে
কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম,
মধ্যাহ্নকে বলেছিলাম-
অপরাহ্ণের ছোঁয়ায় নিজেকে স্নিগ্ধ করো।
বহুদিন পর তোমায় দেখব বলে
গোধূলিলগ্ন এক পায়ে দাঁড়িয়েছিল পদ্ম পুকুরে,
চম্পা চামেলীর সুঘ্রাণ ভরা বাতাসে
ভালোবাসার কেতন উড়েছিল তোমার নামে।
বহুদিন পর তোমায় দেখব বলে
আকাশের চাঁদকে বলেছিলাম প্রহরকে আটকে রাখো,
নক্ষত্রদের ডেকেছিলাম নিঝুম প্রদীপ হয়ে
আমাদের মাঝে এসে বসতে।
শহরতলির ল্যাম্পপোস্টের সব বাতি নিভে গেল
জোনাকিরা কানে কানে এসে বলে গেল
সময় ফুরিয়েছে ,
আর মেলে না যোগ বিয়োগের সূত্র
দেখা অদেখা দূরত্বের ব্যবধান আজ বহুদিনের।
তবুও তোমায় দেখব বলে
ব্যালকনির পাশে ডালিম গাছে ফুটেছিল টকটকে লাল কুঁড়ি!
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































