Apan Desh | আপন দেশ

পদত্যাগপত্রে যা বললেন এমপি মিষ্টি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৪, ১ অক্টোবর ২০২৬

পদত্যাগপত্রে যা বললেন এমপি মিষ্টি

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার জেরে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।  
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। এর  মধ্যেই জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করেছে।

পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’ 

গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্র নিয়ে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা এবং নগদ টাকা লুট করে। ভারী যন্ত্র বা এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। এরপর সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সাইনবোর্ড টাঙানো হয়।
 
১৯৭৪ সাল বা ১৯৭৬ সাল থেকে এ স্বাস্থ্যকেন্দ্রটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদান সেবা দিয়ে আসছে।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল তথ্য দেয়ার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

স্থানীয় বিএনপি নেতা হানফ মিয়ার নাম মামলায় প্রধান আসামি করা হলেও এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও তদন্ত চলছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্তে যার বিরুদ্ধেই প্রমাণ মিলবে, কাউকেই ছাড় দেয়া হবে না। এ ছাড়া ধ্বংসস্তূপের মধ্যেই সীমিত পরিসরে হাসপাতালটির সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। 

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। সংবিধান অনুসারে, জাতীয় সংসদের দলগুলো সরাসরি ভোটে নির্বাচিত এমপিদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। 

বিএনপির মনোনয়নে এবারের সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন ৩৬ জন। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী এমপিদের গেজেট হয়। আর ৩ মে তারা শপথ নেন। এ হিসেবে প্রায় পাঁচ মাসের মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

আপন দেশ/কেএম 
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়