Apan Desh | আপন দেশ

ফ্লাইটে বোমা হুমকিতে ইউরোপজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫২, ৫ নভেম্বর ২০২৬

ফ্লাইটে বোমা হুমকিতে ইউরোপজুড়ে আতঙ্ক

ফাইল ছবি, আপন দেশ

একযোগে একাধিক উড়োজাহাজে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে ইউরোপজুড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো।

এদিন ১০টির বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উড়োজাহাজে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়নি। চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির পর প্রাগগামী চারটি ফ্লাইটের অবতরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

উড়োজাহাজগুলোতে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) রাখার হুমকি দেয়া হয়েছে। তবে হুমকিগুলোকে কম বিশ্বাসযোগ্য বলে মনে করছে পুলিশ।

বৃহস্পতিবার হুমকির মুখে পড়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাস, হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ার, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ার, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লট এবং কোপেনহেগেন ও লন্ডন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একাধিক ফ্লাইট। এসব ফ্লাইটের কয়েকটি গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে অবতরণ করে।

ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটের যোগাযোগবার্তা থেকে জানা গেছে, উড়োজাহাজে বোমা থাকার হুমকির বিষয়টি বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে পাইলটদের জানানো হয়েছিল।

পরে নিরাপত্তার কারণে ফ্লাইটটি প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরের পরিবর্তে ফ্রান্সের পশ্চিমাঞ্চলের এভরো বিমানঘাঁটিতে অবতরণ করে। উড়োজাহাজটির জ্বালানি পরিস্থিতি ও বিকল্প গন্তব্যের আবহাওয়া বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

আরও পড়ুন<<>>রিয়াদ বিমানবন্দরে হামলা

হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়ে যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান। তবে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এদিকে, মিলান থেকে বুখারেস্টগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকির পর প্রায় ২০০ যাত্রীকে নামিয়ে আনা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৮ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে বুখারেস্টের হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে রোমানিয়ার গোয়েন্দা সংস্থার বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য ফ্লাইটের চলাচলও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লটের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) ইউরোপের অন্তত সাতটি ফ্লাইট একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়ে। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়