Apan Desh | আপন দেশ

মমতার দিকে ছুরি নিয়ে ছুটে তরুণী, হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২৬

মমতার দিকে ছুরি নিয়ে ছুটে তরুণী, হামলার চেষ্টা

ছবি: আপন দেশ

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মমতা শিবিরের অভিযোগ অনুযায়ী, ওই তরুণী কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছান। 

অভিযোগ করা হয়েছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ধরে টান দেন। পরবর্তীতে দলীয় কর্মীরা তল্লাশি চালিয়ে ওই তরুণীর কাছে একটি ছুরি পাওয়ার কথা জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত তরুণী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ বলে ডেকে তার দিকে দৌড়ে যান এবং তার গায়ের ওপর পড়ার চেষ্টা করেন। এরপর তিনি রাস্তায় শুয়ে পড়ে গালিগালাজ করতে থাকেন।

ঘটনার পরপরই মমতার দলীয় কর্মীরা ওই তরুণীকে ধরে মাটিতে চেপে ধরেন এবং জিজ্ঞাসাবাদ করেন। তবে ওই সময়েও তিনি আক্রমণাত্মক ও বেপরোয়া ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন <> সিজেপির দুই নেতার পাঁচ দিনের জেল, উত্তাল দিল্লি

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেছেন, অভিযুক্ত তরুণী মাদকের প্রভাবে ছিলেন এবং তার হাতে একটি ছুরি ছিল। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি পরিচয় দিয়ে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করছিলেন। এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সহযোগীরা।

এ বিষয়ে কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। 

পুলিশ জানায়, সাবেক মুখ্যমন্ত্রী তার বাসভবন থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে। অনুসূয়া সাহা নামে এক নারী তার মুখোমুখি হন এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিতণ্ডা হয়। পরবর্তীতে অন ডিউটি পুলিশ কর্মকর্তা তাকে আটক করেন। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়