Apan Desh | আপন দেশ

বিমা-পেনশন তহবিলে তারল্য ঝুঁকি বাড়ছে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪০, ১৪ অক্টোবর ২০২৬

বিমা-পেনশন তহবিলে তারল্য ঝুঁকি বাড়ছে: আইএমএফ

ছবি: আপন দেশ

বিশ্বের বিমা কোম্পানি ও পেনশন তহবিলের তারল্য ব্যবস্থাপনায় অসামঞ্জস্য বাড়ছে। এর সঙ্গে বেসরকারি ঋণবাজারে ঋণনির্ভরতা ও আর্থিক বাজারের অস্থিরতা যুক্ত হলে পুরো আর্থিক ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে আর্থিক খাতের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির অক্টোবর ২০২৬-এর বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক আর্থিক বাজার আপাতদৃষ্টিতে স্থিতিশীল থাকলেও বিভিন্ন খাতে ঝুঁকি রয়ে গেছে। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভালো মুনাফা আর্থিক খাতকে সহনশীল অবস্থানে রাখলেও মূল্যস্ফীতির পুনরুত্থান, সরকারি ঋণ নিয়ে উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের প্রত্যাশা পূরণ না হওয়া এবং সাইবার হামলার ঝুঁকি স্থিতিশীলতাকে হুমকিতে ফেলতে পারে। 

বিমা খাতে তারল্য ব্যবস্থাপনায় উদ্বেগ
প্রতিবেদনে বিমা কোম্পানি ও পেনশন তহবিলের তারল্য ব্যবস্থাপনার অসামঞ্জস্যকে গুরুত্বপূর্ণ দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজারে অস্থিরতা দেখা দিলে সম্পদের মূল্য কমতে পারে, অন্যদিকে নগদ অর্থের চাহিদা বেড়ে যেতে পারে। তখন দাবি পরিশোধ ও অন্যান্য দায় মেটাতে প্রতিষ্ঠানগুলোকে সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করতে হতে পারে। এতে আর্থিক চাপ বাড়ার পাশাপাশি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সংকট ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

তবে বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধে নির্দিষ্ট কোনো সংকট বা খেলাপির পরিসংখ্যান প্রতিবেদনে দেয়া হয়নি।

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

বেসরকারি ঋণবাজারেও ঝুঁকি
বেসরকারি ঋণবাজারে ঋণনির্ভরতা বৃদ্ধি এবং হেজ ফান্ডের ঋণনির্ভর বিনিয়োগ আর্থিক অস্থিরতা বাড়াতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ। সম্পদের মূল্য কমে যাওয়া বা অর্থায়ন ব্যয় বেড়ে গেলে এসব প্রতিষ্ঠানের ওপর চাপ তৈরি হতে পারে। ব্যাংক, বীমা কোম্পানি, পেনশন তহবিল ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পারস্পরিক সংযোগের কারণে একটি খাতের সংকট অন্য খাতেও ছড়িয়ে পড়তে পারে।

এদিকে মূল্যস্ফীতি ও সরকারি বন্ডের সুদের হার বেড়ে গেলে বন্ডের বাজারমূল্য কমতে পারে। এতে বন্ডে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও তারল্য ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এআই খাতে প্রত্যাশিত মুনাফা না এলে সংশ্লিষ্ট সম্পদের মূল্য কমেও যেতে পারে।

সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ
আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর ও আন্তসংযোগ বাড়ায় সাইবার হামলার ঝুঁকিও জটিল হচ্ছে। এ পরিস্থিতিতে প্রযুক্তিগত অবকাঠামো, তথ্য সুরক্ষা ও কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা বাড়ানো জরুরি। 

আইএমএফ আর্থিক খাতের সহনশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত, অতিরিক্ত ঋণনির্ভরতা নিয়ন্ত্রণ এবং আকস্মিক সংকট মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদীয়মান বাজারের কয়েকটি দেশে নীতিগত সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়েছে। পাশাপাশি কম উন্নত আর্থিক বাজারের কিছু অর্থনীতি অর্থায়নে কম স্বচ্ছ পদ্ধতির ওপর নির্ভর করায় ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে।

আপন দেশ/কেএম/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়