Apan Desh | আপন দেশ

স্কুলের অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৯, ১৪ অক্টোবর ২০২৬

স্কুলের অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

ছবি ভিডিও থেকে নেয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাঙা মাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, মারামারিতে জড়ানো দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। স্বামী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, তার স্ত্রী সহকারী শিক্ষক আসমা বেগম। পারিবারিক বিরোধের জের ধরে প্রায়ই তাদের মধ্যে স্কুলে এমন ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক আফজাল হোসেন স্বীকারও করেছেন।

স্কুল কর্তপক্ষ জানিয়েছে, ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের এক মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। গত প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে। ২০১১ সালের দিকে তারা দুজনই একই বিদ্যালয়ে যোগ দেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, ঘটনার দিনও পারিবারিক বিরোধের কারণেই তাদের মধ্যে মারামারি হয়। এ সময় সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনিই ভিডিওটি ধারণ করান। বিদ্যালয়ের ভেতরে এ ধরনের আচরণ করা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক আসমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন<<>>কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাদের নজরে এসেছে।

বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে।

নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’র মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি অপ্রত্যাশিত। শিক্ষকদের এমন আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়