Apan Desh | আপন দেশ

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড 

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ৬ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড 

ছবি: আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্ব আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অলিম্পিয়াডের উদ্বোধন করেন গোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 

অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মেধার বিকাশের জন্য গণিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার অন্যতম প্লাটফর্ম এ গণিত অলিম্পিয়াড। কেননা এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধি নির্বাচন করা হয়। তাই গণিতের আলোড়ন সৃষ্টির জন্য এ অলিম্পিয়াড যে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে, তা বলার অবকাশ থাকে না।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে বরিশাল অঞ্চলের ১১টি জেলার ৪টি পাবলিক ও ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

আরও পড়ুন<<>>অধ্যক্ষকে পদত্যাগে ৭২ ঘণ্টা সময় দিলেন শিক্ষার্থীরা 

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা চলে অলিম্পিয়াড পরীক্ষা। মূল্যায়ন শেষে বিকেল ৩টায় ফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল পর্বের এ গণিত অলিম্পিয়াড আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম।

সার্বিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ আয়োজনে আমরা সবার সহযোগিতা পেয়েছি। আশা করছি এ ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো বড় পরিসরে আমরা গণিত উৎসব করতে পারবো।

অলিম্পিয়াডে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়