ছবি : সংগৃহীত
আরও একবার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ। দেশের মাটিতে প্রথম এবং টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ‘ফাইফার’ (৫ উইকেট) পূর্ণ করলেন এ টাইগার পেসার। তার দুর্দান্ত বোলিং কীর্তিতেই সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
শুক্রবার (০৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের সকালটা নিজেদের মনের মতো করে শুরু করতে পারেনি বাংলাদেশ। লাক্কাতুরা চা বাগানঘেরা মাঠে বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে সাবলীল ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দুই উইন্ডিজ ব্যাটার আমির জ্যাঙ্গু ও জাস্টিন গ্রিভস। তবে সকালের এই দীর্ঘ প্রতিরোধ ভেঙে দেন হাসান মাহমুদ দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে।
ইনিংসের ৮১তম ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে উইন্ডিজ শিবিরে ত্রাস সৃষ্টি করেন এ পেসার। ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে ভুল লাইনে খেলে সরাসরি বোল্ড হয়ে ১৩৩ রানে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান আমির জ্যাঙ্গু। ওভারের পঞ্চম বলে উইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী করেন হাসান। অফ স্টাম্পের বাইরে করা একটি ভালো লেংথ ডেলিভারি ভেতরে ঢুকে পড়লে চেজ ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন<<>>এক বলে ২৮৬ রান! সত্যি না গল্প
পরের বলেই মাঠে নামা নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। প্রথমে আম্পায়ার ইয়াকুব আঙুল তুলে আউট ঘোষণা করলেও বিশপ রিভিউ নেন। ফলে হ্যাটট্রিকের জন্য হাসানকে অপেক্ষা করতে হলেও, এ জোড়া উইকেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর উইন্ডিজের হয়ে রিভিউ নিয়ে জীবন পাওয়া বিশপ আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলে রানের চাকা বাড়াতে থাকেন এবং অন্য প্রান্তে অপরাজিত ব্যাটার গ্রিভস তুলে নেন টেস্টের তৃতীয় ফিফটি।
এরপর লিটন দাসের চটজলদি স্টাম্পিংয়ে কাটা পড়েন জোশুয়া বিশপ। রিপ্লেতে পা শূন্যে থাকায় থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। এ উইকেটের সঙ্গে সঙ্গেই টেস্টে নিজের পঞ্চম ‘ফাইফার’ পূর্ণ করলেন পেসার হাসান মাহমুদ। এর মাধ্যমে পাঁচটি ভিন্ন দেশে পাঁচটি পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এ পেসার, যা দেশের মাটিতে তার প্রথম ফাইফার।
ইনিংসের ৯১তম ওভারে এসে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে স্পিনার এসে উইকেট শিকার করে। মেহেদী হাসান মিরাজের টার্নে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন উইন্ডিজ ব্যাটসম্যান জাস্টিন গ্রেভস।
দ্বিতীয় দিনে খেলতে নেমে স্কোরবোর্ডে কিছু রান যোগ করলেও হাসান মাহমুদের পেস তোপে দ্রুত উইকেট হারিয়ে মধ্যাহ্নের বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩২২ রান। ক্রিজে শামারি জসেফ ১৬, জোমেন ৯ রানে অপরাজিত আছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































