ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আরও কঠোর করার উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।
নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের সঙ্গে স্বামী, স্ত্রী ও সন্তানদের অস্ট্রেলিয়ায় নেয়ার ক্ষেত্রে বাড়তে পারে বিধিনিষেধ।
এতে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ামুখী আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নিট আন্তর্জাতিক অভিবাসন হ্রাস করার সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের সাম্প্রতিক এক বক্তব্য থেকে জানা গেছে, ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখ।
বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রী নির্দিষ্ট শর্তে পার্ট-টাইম কাজের সুযোগ পেতেন এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদেরও সঙ্গে রাখা যেত। কিন্তু প্রস্তাবিত নতুন নিয়মে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশটির আবাসন সংকট, অবকাঠামোগত চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য অতিরিক্ত অভিবাসীদের দায়ী করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলো। কট্টর-ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর পক্ষ থেকে অস্থায়ী অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমানোর জোর দাবির পরপরই সরকারের তরফ থেকে কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের এ উদ্যোগ এল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় নিট অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছানোর পর সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ২০২৪ সালে তা কমে ৪ লাখ ২৯ হাজারে দাঁড়ায়।
পরের বছরগুলোতেও এই সংখ্যা ধারাবাহিক কমতির দিকে থাকলেও সার্বিক অভিবাসন চাপ নিয়ন্ত্রণে আনতেই আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে এ কঠোর ভিসা নীতি কার্যকর করা হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































