Apan Desh | আপন দেশ

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২১ জুন ২০২৬

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, একটি হিমায়িত খাদ্য সংরক্ষণাগারে অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা এখনও কাজ করে যাচ্ছেন। এদিকে ধোঁয়ার কারণে অঞ্চলের বিভিন্ন এলাকায় বায়ুর মানের অবনতি হয়েছে। এছাড়া সংরক্ষিত বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়েছে। যার প্রভাবে স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এ অবস্থায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় অবস্থিত ওই হিমায়িত খাদ্য সংরক্ষণাগারে কয়েক দিন ধরে চলা আগুন জ্বলছে। শনিবার (২০ জুন) স্থানীয় সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করছেন দমকলকর্মীরা। আগুনের ধোঁয়ার কারণে এ অঞ্চলের বিভিন্ন স্থানে বায়ুর মানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্যাভিন নিউসম বলেন, দমকলকর্মী ও জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এবং আশপাশের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছেন। লস অ্যাঞ্জেলেসকে সহায়তা দিতে ক্যালিফোর্নিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৫৫ লাখ এন-৯৫ মাস্ক, এয়ার পিউরিফায়ার, বোতলজাত পানি এবং অন্যান্য জরুরি সরঞ্জাম প্রস্তুত করছে। পাশাপাশি বায়ুর মান পর্যবেক্ষণের কার্যক্রমও বাড়ানো হচ্ছে।

এর আগে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস স্থানীয় পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, আশপাশের এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

আরও পড়ুন <<>> সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

কারেন ব্যাস বলেন, এলাকাটি নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমাদের স্পষ্টভাবে অতিরিক্ত সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষণাগারটিতে রাখা ৮ কোটি ৫০ লাখ পাউন্ড (৩ কোটি ৯০ লাখ কেজি) হিমায়িত খাদ্য নষ্ট হয়ে যেতে পারে। এতে সম্ভাব্য জৈব-ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জেইমি মুর জানান, অ্যামোনিয়াসহ বিপজ্জনক রেফ্রিজারেন্ট ইতোমধ্যে স্থানটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণের কাজে এমন হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ওই হেলিকপ্টার একবারে ৩ হাজার গ্যালন পর্যন্ত পানি ফেলতে পারে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন অগ্নি-নিরোধক পদার্থও ব্যবহার করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে রোববারও ধোঁয়া-সংক্রান্ত সতর্কতা বহাল রয়েছে। একই সময়ে আগুন নেভাতে দমকলকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়