Apan Desh | আপন দেশ

আল-আকসায় প্রবেশ চেষ্টায় ১৩ ইহুদি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ২৩ মে ২০২৬

আপডেট: ১৮:০৩, ২৩ মে ২০২৬

আল-আকসায় প্রবেশ চেষ্টায় ১৩ ইহুদি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুওতকে কেন্দ্র করে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে একদল ইহুদি তরুণ। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।

শুক্রবার (২২ মে) তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পবিত্র চত্বরে প্রবেশ করেন। সেখানে ধর্মীয় আচার পালনের উদ্দেশে দৌড়াদৌড়ি শুরু করেন। তবে এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিরা সঙ্গে করে বড় আকারের রুটি নিয়ে এসেছিলেন। শাভুওত উৎসবে নতুন গমের তৈরি রুটি উৎসর্গ করার একটি পুরোনো ধর্মীয় রীতি রয়েছে।

ইতিহাস অনুযায়ী, প্রায় দুই হাজার বছর আগে রোমানদের হাতে ইহুদিদের দুটি মন্দির ধ্বংস হওয়ার পর মূলধারার ইহুদিদের মধ্যে এ ধরনের উৎসর্গের প্রচলন বন্ধ হয়ে যায়। তবে প্রতি বছর কিছু কট্টরপন্থী গোষ্ঠী সে প্রথা পুনরায় চালুর চেষ্টা করে থাকে।

জানা গেছে, আটক হওয়া তরুণদের মধ্যে কয়েকজন এমন গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যারা আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রকের স্থানে তৃতীয় ইহুদি মন্দির নির্মাণের পক্ষে অবস্থান নেয়।

এর আগেও একই ধরনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। মে মাসের শুরুতে আল-আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানি দেয়ার চেষ্টার অভিযোগে পৃথক দুটি ঘটনায় ১৪ জন ও ২১ জনকে আটক করেছিল পুলিশ।

আরও পড়ুন <<>> চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২

আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। একই সঙ্গে এটি ইহুদিদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকাটি উত্তেজনা ও সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, সেখানে অমুসলিমদের প্রকাশ্যে প্রার্থনা বা কোনো ধরনের উৎসর্গের অনুমতি নেই। তবে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দীর্ঘদিন ধরে ইহুদিদের প্রার্থনার অনুমতির পক্ষে অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করে আসছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ওই পবিত্র স্থানের দীর্ঘদিনের প্রচলিত নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

ইসরাইলের মূলধারার ধর্মীয় নেতাদের মধ্যেও এ বিষয়ে ভিন্নমত রয়েছে। অনেক রাব্বির মতে, সাধারণ ইহুদিদের জন্য আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করাই ধর্মীয়ভাবে নিষিদ্ধ। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি শ্মুয়েল রাবিনোভিচও এর আগে বলেছেন, সেখানে কোনো ধরনের উৎসর্গের চেষ্টা ইসরায়েলের প্রধান ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপন্থী এবং বেআইনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়