Apan Desh | আপন দেশ

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিকনির্দেশনা আসছে বাজেটে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০১, ১১ জুন ২০২৬

আপডেট: ১৪:৪১, ১১ জুন ২০২৬

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিকনির্দেশনা আসছে বাজেটে

ছবি : আপন দেশ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় এ বাজেট পেশ করবেন তিনি। এটি দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের ষোঘণা থাকলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়তি বরাদ্দ দেখানো হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। 

এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে সরকার জনপ্রশাসন খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটে বরাদ্দ করা ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় ৯৬ শতাংশ বেশি। পরে এ বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়। ফলে সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ৫৫ হাজার কোটি টাকা বেশি।

এ অতিরিক্ত অর্থের পুরোটা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এ বরাদ্দের আওতায় নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন : ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়