ফাইল ছবি
চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণ করেছে ভাতিজা। এ ঘটনা পাবনার ঈশ্বরদীতে। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি নির্জনস্থানে ঘটেছে। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার আপন ভাসুরের ছেলে শিবলু মৃধাকে আসামি করে ঈশ্বরদী থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শিবলু মৃধা সলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে যায়। দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তার ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে ওই গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদখেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে তার শিশুসন্তানকে হত্যার ভয় দেখান। এ সময় জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। তবে তারা কোনো পদক্ষেপ নেননি। পরে মোবাইল ফোনে স্বামীকে ঘটনাটি জানান তিনি। স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শিবলু মৃধার সঙ্গে মুঠোফোনসহ বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানান, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































