Apan Desh | আপন দেশ

একসঙ্গে ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪ জন

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একসঙ্গে ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪ জন

ছবি: আপন দেশ

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির আওতাধীন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।

কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলার বিভিন্ন বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন >< ‘গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ, নবায়ন নয়’

জেলা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। নগরীর বিভিন্ন স্থান ছাড়াও জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়