ছবি : আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি পঞ্চায়েতপাড়া গ্রামের ৯৯ বছর বয়সী সাজিরন বেওয়া। মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসকের নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাজিরন বেওয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়ার বাড়িতে গিয়ে এসব সহায়তা পৌঁছে দেয়া হয়।
এ সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, ইউপি সদস্য নওরোজ জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে সাজিরন বেওয়া এখন নিজে চলাফেরা করতে পারেন না। ভিক্ষা করেও জীবিকা নির্বাহের সক্ষমতা নেই তার। দীর্ঘদিন ধরে মেয়ের ভিক্ষার আয়ের ওপর নির্ভর করেই কোনোরকমে দিন কাটছিল। অভাব-অনটনের মধ্যে তার জীবনযাপনের বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিরন বেওয়া। এ সময় তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দোয়া করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশনায় সাজিরন বেওয়াকে তাৎক্ষণিক সহায়তা দেয়া হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































