ছবি: আপন দেশ
সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র, গুলি ও একটি ওয়াকিটকি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন। এ সময় দস্যুদের কবল থেকে জিম্মি থাকা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আত্মসমর্পণকারী তিনজন হলেন মো. আলামিন হোসেন (৪০), বাড়ি মোংলা; তৈবুর রহমান (২৪), বাড়ি সাতক্ষীরা, এবং মনিরুজ্জামান মামুন (২০), বাড়ি খুলনা। তারা দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনের জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আরও পড়ুন<<>>খাগড়াছড়ি প্লাবিত, সড়কে যান চলাচল বন্ধ
তিনি আরও বলেন, আত্মসমর্পণের সময় দস্যুরা তাদের কাছে থাকা দুটি দেশীয় একনালা বন্দুক, একটি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা গুলি এবং একটি ওয়াকিটকি কোস্ট গার্ডের কাছে জমা দেন। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় জিম্মায় নেয়া হয়েছে। আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধার হওয়া জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ২১ মে সুন্দরবনের আরেক বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ সাত সদস্য পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাজা গুলি, ১০৮ রাউন্ড ফাঁকা গুলি, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এছাড়া দস্যুদের কবল থেকে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি ছোট সুমন বাহিনীর প্রধানসহ সাত বনদস্যুও অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































